ঢাকাThursday , 10 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি: ফুলগাজী ও পরশুরামে সেনাবাহিনীর তৎপরতা জোরদার

Link Copied!

ফেনী প্রতিনিধি
ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলায় চলমান ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। অনেক গ্রাম, রাস্তা ও ফসলি জমি এখন পানির নিচে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গত ৮ জুলাই ২০২৫ তারিখে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা। সভায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। সেখানে এবারের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অংশগ্রহণকারী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ভয়াবহ বন্যা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও ত্রুটি বিশ্লেষণের ভিত্তিতে সেনাবাহিনী এবার আগেভাগেই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় অবস্থিত সেনা ক্যাম্পসমূহে ইতোমধ্যে বিশেষায়িত উদ্ধার সরঞ্জামাদি প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন এবং লাইফ জ্যাকেট—যা ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ব্যাপকভাবে ব্যবহার করা হবে।
 

বিশেষ করে দুর্যোগকালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল ফেনী জেলার সিভিল সার্জনের সঙ্গে এক সমন্বয় সভা করেছে। এই সভার মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদানের ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আশ্রয়কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, বন্যার্তদের দ্রুত উদ্ধার, খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং চিকিৎসাসেবার ক্ষেত্রে যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে অতিরিক্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

ফেনী জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। জরুরি সহযোগিতার জন্য ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বন্যা মনিটরিং সেল-এর হেল্পলাইন নম্বর ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে, ফুলগাজী ও পরশুরামে নদ-নদী পাড়ের বহু মানুষ ইতোমধ্যে নিজ উদ্যোগে উঁচু জায়গায় চলে গেছেন। অনেকে আবার বাঁধের ধারে আশ্রয় নিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকেও উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে যুক্ত হতে দেখা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনী দুর্যোগকালীন এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।