মোঃ মেহেদী হাসান জনি
বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিপ্লব হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শামসুল ইসলামসহ কৃষি অফিসের বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা।
এ সময় বসতবাড়িতে শাকসবজি চাষে উৎসাহ দিতে ১৬৩ জন কৃষক-কৃষাণীকে বীজ ও সার প্রদান করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে ১ বিঘা জমিতে চাষের জন্য ৫০ জন লাউ চাষী, ৮০ জন বেগুন চাষী, ৫০ জন মিষ্টি কুমড়া চাষী ও ৫০ জন শসা চাষীকে হাইব্রিড বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়া ২০ জন গম, ২৫০ জন সরিষা, ১০ জন মসুর ডাল এবং ২০ জন সূর্যমুখী চাষীকেও রবি মৌসুমের আওতায় বীজ ও সার দেওয়া হয়।
বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং শীতকালীন সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
