বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়ায় শায়িত হযরত শাহসূফী ফকির আবদুস সালাম (রহ.)-এর স্মরণে ৫০তম বার্ষিক ওরস মাহফিল আগামী ২২ জুন (সোমবার), ৮ আষাঢ় বাদ আসর থেকে মাজার শরীফ সংলগ্ন শাহ সালাম জামে মসজিদ মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে দেশের বিশিষ্ট আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা উপস্থিত থেকে পবিত্র কুরআন-সুন্নাহ, আধ্যাত্মিক জীবন, ঈমান-আমল এবং অলিয়ে কেরামের আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আশেকে রাসুল হযরত মাওলানা মো. আবু তাহের বখশী সুন্নী আল কাদরী। এছাড়া আলোচনায় অংশ নেবেন আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হাফেজ ক্বারী মাওলানা মুহিবুর রহমান আশেকী (শাসন কদমতলা গাউছিয়া করিমিয়া দরবার শরীফ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার), শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম মো. আতাউর রহমান, কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির দপ্তর সম্পাদক আলহাজ শাহ মো. ইউনুছ গাফফারী বখশী, নজরুলিয়া দরবার শরীফের গদ্দিনশীন মাওলানা পীরজাদা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী, তরুণ বক্তা হাফেজ কারী মাওলানা বশির আহমদ ফারুকী, মাওলানা মুফতি মো. মজিবুল বাশার, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের খতিব এবং হাফেজ মো. ইকরাম উদ্দিন, ইমাম, শাহ সালাম জামে মসজিদ।
মাহফিলে সভাপতিত্ব করবেন আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের সভাপতি হাজী মো. আবদুল মান্নান। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মাজার ও খানকা শরীফের পরিচালক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
আয়োজকরা জানান, ওরস মাহফিলে স্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, ধর্মীয় ব্যক্তিত্ব, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। মাহফিল উপলক্ষে কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ-নসিহত, জিকির-আজকার, দোয়া ও মুনাজাতের বিশেষ আয়োজন রাখা হয়েছে।
মাজার ও খানকা শরীফের পরিচালক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এক বিবৃতিতে জানান, হযরত শাহসূফী ফকির আবদুস সালাম (রহ.)-এর জীবনাদর্শ, ইসলামের সুমহান শিক্ষা এবং মানবকল্যাণের বাণী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও ওরস মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি দল-মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-আশেকান ও সর্বস্তরের মানুষের উপস্থিতি এবং দোয়া কামনা করেছেন।
