মোঃ মহিবুল্লাহ মেহেদী,সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর রামজীবন ও চন্ডিপুর ইউনিয়নের উদ্বোধনী ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এবং সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মোঃ সামিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির গাইবান্ধা জেলা বায়তুলমাল সম্পাদক মোঃ শাকিল মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ শাহিন মিয়া, পৌরসভা সভাপতি সুরুজ মিয়া, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ শফিকুল ইসলাম, বামনডাঙ্গা শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কাশেমসহ ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সামিউল ইসলাম বলেন, "খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাদক, সন্ত্রাস ও সকল সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। সেই চেতনাকে ধারণ করেই সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
বক্তারা যুবসমাজকে খেলাধুলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ ও সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT