মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৬ জুলাই রাত আনুমানিক ৭টা ৫ মিনিটে টেকনাফ থানাধীন কান্জরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি আবুল কাশেম (৩০)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবুল কাশেম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নোয়াপাড়া বটতলী এলাকার বাসিন্দা। তার পিতার নাম রশিদ আহমেদ।র্যাব জানায়, ২০১৮ সালে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত আবুল কাশেমকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়িয়ে চলছিলেন।
পরবর্তীতে র্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতেও গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT