মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শাহজাদপুর উপজেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসের কর্মসূচির সূচনা হয় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বিআরডিবির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জুলফিকার আলী।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম রেজা এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদ রানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির সদস্যবৃন্দ এবং শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে বিআরডিবির বিভিন্ন এলাকার সদস্যদের মাঝে পুরস্কার, ঋণের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম. এ. মুহিত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিআরডিবির চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT