মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার (৫ জুলাই) ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।
ভুক্তভোগী শিশুটি উপজেলার রূপবাটি ইউনিয়নের খামার সানিলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিলকলমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
অভিযুক্ত রফিকুল ইসলাম রাকিবুল (৫০) একই গ্রামের মো. আজহার প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। তার স্ত্রী বিলকলমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
মামলা ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুন টিফিনের সময় বাড়িতে খাবার খেয়ে স্কুলে যাওয়ার পথে রফিকুল ইসলাম রাকিবুল কৌশলে শিশুটির মুখ চেপে ধরে নিজ বাড়ির শয়নকক্ষে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে ক্ষতির আশঙ্কা দেখিয়ে শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এরপর গত ৩ জুলাই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আবারও শিশুটিকে তার বাড়িতে যাওয়ার জন্য ডাক দেয়। এতে আতঙ্কিত শিশুটি দ্রুত বাড়িতে ফিরে মায়ের কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। তবে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশু ও তার মাকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে আসে। এদিকে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগ এবং ঘটনাটি মীমাংসার চেষ্টার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী শিশু ও তার মাকে থানায় এনে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে এবং ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য জোরালো অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পরপরই ওসি মো. সাইফুল ইসলামের দ্রুত পদক্ষেপ, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT