নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
রিট পিটিশন নং-১০১৭৩/২০২৬ অনুযায়ী, আবেদনকারী আব্দুল্লাহ আল মনসুর অভিযোগ করেন যে, অবৈধ ও ত্রুটিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে গত ১৩ জুলাই ২০২৬ তারিখে কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোটার তালিকার ত্রুটি সংশোধনের আবেদন জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে রিটে উল্লেখ করা হয়েছে।
রিটে কুমিল্লা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন, নতুন ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, নতুন নির্বাচনী তফসিল ঘোষণা এবং পুনর্নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি গ্রহণ করে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেন।
আবেদনকারীর পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আদালতে শুনানি পরিচালনা করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ জুলাই ২০২৬ তারিখে রিটটি দায়ের করা হয়, যেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT