নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া একই দিনে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের মধ্যে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথম পর্যায়ে ৫নং পাঁচথুবী ইউনিয়নের শ্রীপুর এলাকায় জনৈক শাহেদের বাড়ির পশ্চিম পাশে বাউন্ডারির ভেতরে পরিত্যক্ত জায়গা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোঃ জাকির হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়।
অপর একটি অভিযানে কুমিল্লা শাসনগাছা এলাকায় রেললাইনের পূর্ব পাশে নন্দু মুচির ঘরের সামনের গলি থেকে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ মিজানুর রহমান (৪৬) ও মোঃ রাসেল (৫৫) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে একই দিন কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, কুমিল্লার আদালতে মোবাইল কোর্টের জন্য সোপর্দ করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে একজনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, দুজনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড, ছয়জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT