(মোঃ শাহরিয়া, নির্বাহী সম্পাদক)
কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ২ বোতল বিদেশি হুইস্কি, ৪০ লিটার চোলাই মদ, ৫১ পুরিয়া হেরোইন, ৫০ পিস ট্যাপেন্টাডল ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিশেষ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ২৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৬ তারিখে অফিসার ইনচার্জের নির্দেশনায় কোতয়ালী মডেল থানা এলাকায় একাধিক স্থানে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম ধাপে অরণ্যপুর এলাকার খিলবাড়ী সংলগ্ন মাঠ থেকে ২ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় আমেনা (২৭) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
একই দিনে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগর হাড্ডিখোলা কসাইখানা এলাকায় ফেলে রাখা অবস্থায় ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অন্যদিকে দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের চম্পকনগর সাতরা এলাকার হাজী মঞ্জু হাউজিংয়ের সামনের সড়কে অভিযান চালিয়ে ৫১ পুরিয়া বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মো. আকরাম হোসেন রিয়াজ (২৪), মো. নাঈম (২৩) ও মো. বাবুল (৩৮) নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া কাপ্তান বাজার পাক্কার মাথা নতুন জামে মসজিদের পূর্ব পাশে রায়হান মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে মো. মহসিন ওরফে সৈকত (৩০) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার পাঁচ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে একই দিনে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ মোট ২৪ জনকে গ্রেফতার করে। পরে তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম আদালত, কুমিল্লার নিকট মোবাইল কোর্ট পরিচালনার জন্য সোপর্দ করা হলে ২৩ জন বিভিন্ন মেয়াদে দণ্ডিত হন। মোবাইল কোর্টে ২ জনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, ১ জনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, ১৯ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, ১ জনকে ১ দিনের সশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT