হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি, নান্দাইল, ময়মনসিংহ
একটি মানুষও গৃহহীন থাকবে না, নান্দাইলের মাটি থেকে মুছে যাবে জরাজীর্ণ কুঁড়েঘরের চিত্র’—নির্বাচনী মাঠে দেওয়া এই কথাটি শুধু কথার কথা হয়ে রইল না, বাস্তবে রূপ নিতে শুরু করেছে। ময়মনসিংহের নান্দাইলে অসহায় ও ভূমিহীন মানুষের মুখে হাসি ফোটাতে অভিনব এক আবাসন উদ্যোগ নিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তাঁর ব্যক্তিগত বিশেষ তদারকি ও সদিচ্ছায় বাস্তবায়িত এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘স্বপ্নবাড়ি’।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নির্মিত এসব নতুন ঘরের চাবি সরাসরি উপকারভোগীদের হাতে তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘স্বপ্নবাড়ি’ প্রকল্পের যাত্রা শুরু করেন প্রতিমন্ত্রী। সরকারের আলাদা কোনো মেগা প্রজেক্ট নয়, বরং বিদ্যমান গ্রামীণ অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে সৃজনশীল উপায়ে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের এই দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
প্রাথমিক পর্যায়ে নান্দাইলের মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামে ৫টি পরিবারের হাতে নতুন আধাপাকা ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। এই উদ্বোধনের মধ্য দিয়ে পুরো উপজেলায় পর্যায়ক্রমে ৩৬টি ঘর নির্মাণ ও হস্তান্তরের কাজ শুরু হলো। পাশাপাশি আরও ৯৮টি ঘরের নির্মাণকাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে, যা খুব শীঘ্রই ভূমিহীন ও অসহায় মানুষের ঠিকানা হতে যাচ্ছে।
প্রতিমন্ত্রীর এমন মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে কষ্টের দিন পার করা স্থানীয় সবজি বিক্রেতা সবুজ মিয়া বলেন, “সন্তানদের নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হতো। আজ মন্ত্রী মহোদয় নিজ হাতে আমার স্বপ্নের ঠিকানার চাবি দিয়েছেন। এখন আর সেই কষ্ট নেই।”
সৈয়দগাঁও গ্রামের আরেক উপকারভোগী বিধবা হামিদা খাতুন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মন্ত্রী আমাদের মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন। দোয়া করি তিনি যেন দীর্ঘদিন সুস্থ থেকে এভাবে মানুষের সেবা করতে পারেন।”
উদ্যোগটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “নান্দাইলের মানুষের কাছে আমার অঙ্গীকার ছিল, এলাকায় কোনো জরাজীর্ণ ঘর থাকবে না। মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা আমার একটি লালিত স্বপ্নও ছিল। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি গৃহহীন ও অসহায় পরিবারকে স্বপ্নবাড়ি উদ্যোগের আওতায় আনা হবে।”
অনুষ্ঠানটিতে স্থানীয় প্রশাসনের তৎপরতা ও রাজনৈতিক সৌহার্দ্যের চমৎকার এক চিত্র দেখা যায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
রাজনীতিবিদদের এমন জনকল্যাণমুখী উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান বদলে দিতে পারে—নান্দাইলের ‘স্বপ্নবাড়ি’ প্রকল্পটি তারই এক অনন্য উদাহরণ হয়ে রইল।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT