জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকায় এক ১১ বছর বয়সী স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারকে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) নির্যাতিতা কিশোরীর বাবা মো. সুজাত বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় এই অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট দুপুরে ওই স্কুলছাত্রী ও তার সঙ্গে থাকা আরেকটি শিশু বাড়ির পাশে খেলতে যায়। এ সময় অভিযুক্তদের একজন শিশুটিকে একা পেয়ে অশালীন আচরণের পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা চালায়। কিশোরীটি বাধা দিয়ে কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে বাড়িতে এসে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর কিশোরীর পরিবার এর প্রতিবাদ জানালে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা পরিবারটির ওপর হামলা ও মারধরের চেষ্টা চালায়। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বাড়ি থেকে তুলে নেওয়া এবং হত্যাসহ নানা হুমকি দেওয়া হচ্ছে। এতে পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী কিশোরীর কান্নারত একটি ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে শিশুটিকে বলতে শোনা যায়, ‘আমাকে বুকে টাইট করে ধরছে— আমি অনেক ব্যথা পেয়েছি! আমারে টাইনা নিয়া যাইতে লাগছিলো!’ ঘটনার পর থেকেই স্থানীয় সচেতন মহল ও নেটিজেনরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুলুস খান জানান, পুলিশ লিখিত অভিযোগ হাতে পেয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে এসআই পলককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে; তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT