মোঃ মাহফুজুর রহমান বিপ্লব
বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ নেওয়ার পর এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং নয় দিন শিকলবন্দি করে রাখার অভিযোগে ফরিদপুরে একটি অপহরণকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
এ সময় মো. নিলয় শিকদার (৩৫) নামের ওই ব্যক্তিকে শিকলবন্দি অবস্থায় জীবিত উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফেরদৌস উর রহমান (৪২), মহুয়া আহমেদ (৩২) ও এস এম মনোয়ার (৩৬)।
র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ আগস্ট নিলয় শিকদারকে অপহরণের পর তাঁর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। নিলয়কে ফিরে পাওয়ার আশায় তাঁর পরিবার বিভিন্ন বিকাশ নম্বরে মোট ৪ লাখ ৫১ হাজার টাকা পাঠায়। তবে এরপরও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। বরং আরও পাঁচ লাখ টাকা দাবি করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, বিদেশে চাকরি দেওয়ার কথা বলে নিলয়ের কাছ থেকে পাসপোর্টসহ বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা নেওয়া হয়েছিল। পরে তাঁকে বিদেশে না পাঠিয়ে অপহরণ করা হয়। এ ঘটনায় নিলয়ের শ্বশুর বাদী হয়ে ঝালকাঠির কাঠালিয়া থানায় অপহরণ মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তার অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে। এর ধারাবাহিকতায় শনিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল ফরিদপুর কোতোয়ালি থানার চরকমলাপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায়।
সেখানে একটি কক্ষে পায়ে শিকল ও তালা লাগানো অবস্থায় নিলয়কে উদ্ধার করা হয়।
অভিযানকালে ফেরদৌস উর রহমান ও মহুয়া আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ফরিদপুর কোতোয়ালি থানার মুন্সীডাঙ্গী এলাকার নিজ বাড়ি থেকে এস এম মনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, অপহরণের পর নিলয়কে একটি কক্ষে আটকে রেখে পায়ে শিকল পরিয়ে গ্রিলের সঙ্গে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তাঁকে মারধর এবং দিনে মাত্র একবেলা খাবার দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। নির্যাতনের সময় তাঁর চিৎকার যাতে বাইরে না শোনা যায়, সে জন্য উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানো হতো বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি লোহার শিকল, চাবিসহ দুটি তালা, দুটি স্টিলের পাইপ, একটি চাকু, ছয়টি মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালচক্রের প্রলোভনে না পড়ে বৈধ ও নির্ভরযোগ্য মাধ্যমে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অপহরণ, মানবপাচার ও প্রতারণাসহ এ ধরনের কর্মকাণ্ডের তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাবকে জানানোর অনুরোধ করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT