মোঃ মহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ আগস্ট) সুন্দরগঞ্জ সদর কোরানিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আব্দুল আজিজের কর্মময় জীবন, রাজনৈতিক ভূমিকা ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি মাওলানা আব্দুল আজিজ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, হয়রানি ও কারাবরণের মুখোমুখি হলেও তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।
তারা আরও বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা স্থানীয় পর্যায়ে স্মরণীয় হয়ে রয়েছে। তাঁর জীবন ও কর্ম থেকে মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহীন আলম, পৌর শাখার সভাপতি সুরুজ মিয়া, সুন্দরগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল-মামুন সজিব, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মাওলানা আব্দুল আজিজের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. এমদাদুল হক।
মোনাজাত শেষে এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করেন আয়োজকরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT