
মোঃ শাহজাহান বাশার
অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততার স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়েছে।
গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের হাতে এ সম্মাননা তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের ধারাবাহিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সাফল্যের অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “এই অর্জন পুরো জেলা পুলিশের টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি কাজের গতি আরও বাড়িয়ে দেয়। কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।”
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ সুপার বলেন, “এমন অর্জনের নেপথ্যে রয়েছে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। তাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”
তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।
কুমিল্লা জেলা পুলিশের এ অর্জনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, এ স্বীকৃতি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT