মোঃ কুতুব উদ্দিন ঢাকা
নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যায় দু র্বৃ ত্ত রা। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়।
শনিবার (১৯ই সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া জুম্মাঘর সংলগ্ন তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানার সামনে নবীনগরমুখী লেনে আগুন দেয়ার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ থামিয়ে টায়ারে আগুন দিয়ে মহাসড়কে ফেলে দেয়া হয়। মুহূর্তের মধ্যেই তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। পরে সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টায়ারে আগুন ধরানোর পরপরই তারা ‘জয় বাংলা’ ও একটি নির্দিষ্ট রায়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে দ্রুত দক্ষিণ দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্যোগী হয়ে পানি এনে আগুন নিভিয়ে ফেলেন ও মহাসড়ক থেকে বর্জ্য সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
ঘটনাস্থলে উপস্থিত শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক রুবেল শেখ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি রাস্তায় টায়ার জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় পানি ঢেলে আগুন নেভানো হয় ও রাস্তা পরিষ্কার করা হয়। স্লোগান ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে এই বিশৃঙ্খলার সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী জড়িত থাকতে পারে।
ঘটনাসত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
তিনি আরো জানান, বর্তমানে উক্ত রুটে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT