সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার একটি বুথে ধাক্কা দিয়েছে দোলা পরিবহনের একটি বাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাটগাতী-মধুমতী সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে টোল আদায়ের দায়িত্বে থাকা সুজন (২৫) নামে এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দোলা পরিবহনের বাসটি সেতুর দিকে যাওয়ার সময় হঠাৎ ব্রেকের সমস্যায় পড়ে। চালক বাসটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি টোল আদায়ের বুথে গিয়ে আঘাত করে। ধাক্কায় বুথটি ক্ষতিগ্রস্ত হয় এবং বাসটি ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে গিয়ে থামে।
বাসে থাকা কয়েকজন যাত্রী জানান, সেতুর ঢাল বেয়ে নামার সময় তারা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরিস্থিতি বুঝতে চালকের কাছে জানতে চাইলে তিনি বাসের ব্রেক কাজ না করার কথা জানান। এ সময় চালক যাত্রীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পাশাপাশি আল্লাহর নাম স্মরণ করার অনুরোধ করেন।
দুর্ঘটনায় আহত সুজন চিতলমারী উপজেলার রাজনগর গ্রামের বিসুম বিশ্বাসের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনায় টোল প্লাজার একটি বুথসহ আশপাশের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৯৯।
বাসটি টোল প্লাজায় আঘাত করার পরপরই সেখানে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে কী কারণে বাসটির ব্রেক বিকল হয়েছিল এবং দুর্ঘটনায় মোট কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT