কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই কিশোরী নিখোঁজ হয়েছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে দুই পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার জুগিরকান্দি গ্রামের বাসিন্দা মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার প্রতিদিনের মতো কাশিনগর আল আমিন মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে মাদরাসায় যাওয়ার পর থেকে তারা আর বাড়ি ফেরেনি।
দিনের শেষে দুই কিশোরী বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়স্বজনের বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আশপাশের এলাকা ও পরিচিতজনদের কাছেও খোঁজ নেওয়া হয়। কিন্তু চার দিন অতিবাহিত হলেও তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ মাহিমা আক্তার মাহির মা তাছলিমা আক্তার চৌদ্দগ্রাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি গ্রহণের পর পুলিশ বিষয়টি তদন্ত করে দুই কিশোরীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, “দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধারের চেষ্টা চলছে।”
এদিকে নিখোঁজ দুই কিশোরীর পরিবার সমাজের সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেছে। কেউ তাদের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের দ্রুত জানানোর অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT