মোঃ সালাম মিয়া
“আপনার বাড়ির আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গুর বিস্তার রোধে ড্রেন, নালা ও আশপাশের সম্ভাব্য মশার আবাসস্থলে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা ও নির্দেশনা দেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক। শুধু নির্দেশনা দিয়েই তিনি থেমে থাকেননি; নিজেই কাঁধে মশক নিধন মেশিন নিয়ে বিভিন্ন ড্রেনের চিপায়-চাপায় মশক নিধন ওষুধ স্প্রে করেন।
এ সময় উপস্থিত ছিলেন ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আজিজ মিয়াসহ মশক নিধন কার্যক্রমে নিয়োজিত কর্মীরা।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের বাড়ির আঙ্গিনা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই হবে না; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। সম্মিলিত সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT