নিউজ ডেস্ক
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে বিদেশে অবস্থানরত যোগ্য বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ দাবিতে একটি স্মারকলিপি দেয় দলটি। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে স্মারকলিপি দেয়।
প্রতিনিধি দলে ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, এআরএম জাফরুল্লাহ চৌধুরী, মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী এবং দপ্তর সম্পাদক মো. মিরাজ খান।
স্মারকলিপি দেওয়ার পর প্রেস ব্রিফিংয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাস করছেন। তাঁরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন। একই সঙ্গে নিজ নিজ এলাকার পরিবার, সম্পত্তি, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তাঁরা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত।
তিনি বলেন, বিদেশে অবস্থান করলেও কোনো নাগরিকের নাগরিকত্ব কিংবা নিজ এলাকার সঙ্গে তাঁর সম্পর্ক বিলুপ্ত হয় না। তাই আইন অনুযায়ী যোগ্য ও নিবন্ধিত প্রবাসী ভোটারদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
লেবার পার্টির স্মারকলিপিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের প্রযুক্তিনির্ভর ভোটিং উদ্যোগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও প্রবাসী ভোটারদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও নিরীক্ষাযোগ্য পোস্টাল ভোটিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
দলটির প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচনে যোগ্য প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি-সমর্থিত (IT-supported) পোস্টাল ভোটিং ব্যবস্থার অভিজ্ঞতা স্থানীয় সরকার নির্বাচনে প্রয়োগ করা, জাতীয় পরিচয়পত্র (NID) ও ভোটার তথ্যের ভিত্তিতে প্রবাসী ভোটারের নিজস্ব নির্বাচনী এলাকা নির্ধারণ, অনলাইন নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা এবং ব্যালট প্রেরণ, ফেরত গ্রহণ ও ভোট গণনার ক্ষেত্রে স্বচ্ছ ও নিরীক্ষাযোগ্য প্রক্রিয়া নিশ্চিত করা।
এ ছাড়া দ্বৈত ভোট প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধন, বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে প্রবাসীদের ভোটিং বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান এবং প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে সময়সীমাভিত্তিক রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে দলটি।
প্রয়োজনে পাইলট প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী পোস্টাল ভোটিং চালুর প্রস্তাবও দিয়েছে লেবার পার্টি। দলটির মতে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা উচিত।
স্মারকলিপিতে লেবার পার্টি নির্বাচন কমিশনের প্রতি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT