কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১ জনকে গাঁজাসহ, ২টি ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত মামলায় ১ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের জন্য ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকাল ৯টা ৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার, এএসআই মো. নুর-আল-আহসানসহ সঙ্গীয় ফোর্স শশীদল ইউনিয়নের শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগাহসংলগ্ন হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় পলাশ নামে এক ব্যক্তির মুদি দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. জনি (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকার বাসিন্দা।
অন্যদিকে, একই দিনে পৃথক অভিযানে দুটি ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত মামলার আসামি আহাম্মেদ হৃদয় হাসান (২০)কে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল এলাকার বাসিন্দা।
এ ছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে টাটেরা এলাকার মো. মনির হোসেন (২৬), দুলালপুর এলাকার মো. মনির এবং বড়ধুশিয়া এলাকার মো. আব্দুল হাকিম (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের অপর অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও ১০ জনকে আটক করা হয়। তারা হলেন—বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মো. ফরহাদ (১৯) ও মো. হোসাইন (২০); ব্রাহ্মণপাড়ার বাটেরা এলাকার মো. মামুন (৪৫), পূর্বপাড়ার মো. হেলাল (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গুরা এলাকার মো. রাসেল মিয়া (২৭), মো. সজিব (২৩) ও মো. শাহীন (২৪); ব্রাহ্মণপাড়ার ধানদৌল এলাকার মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৪৫), দুলালপুর পশ্চিমপাড়ার জোবায়ের সরকার (২২) এবং সিদলাই এলাকার জনি (২২)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক সেবনের অভিযোগে আটক ১০ জনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে, ওয়ারেন্টভুক্ত আসামিদেরও সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT