মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-
কুমিল্লার মেঘনায় ‘মাদক ও জুয়ামুক্ত সমাজ—আমাদের প্রত্যয়, আমাদের দায়িত্ব ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“চলো যাই যুদ্ধে, মাদক ও জুয়ার বিরুদ্ধে” মাদককে না বলুন সুন্দর জীবন গড়ুন, জুয়া জীবন নষ্ট করে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বড়াইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চালিভাঙ্গা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, “মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “Drug-free youth is a nation's strength—মাদকমুক্ত যুবসমাজই একটি জাতির শক্তি। তরুণদের মাদক ও জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি মাদক ও জুয়ার বিরুদ্ধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
বড়াইয়াকান্দি আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আশরাফ আলী জিহাদীর সভাপতিত্ব ও চালিভাঙ্গা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাউসার আহম্মেদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ রুপমিয়া হোসাইন রাজ, মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, বড়াইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, দেলোয়ার হোসেন মাস্টার, মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আমির ইসলাম রহিম, মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হানিফ আবির, এবং চালিভাঙ্গা ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ মোহসীন, বিএনপি নেতা রমজান আলী প্রধান, আক্তার হোসেন, সাবেক মেম্বার আলাউদ্দিন, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ আলোচনা সভাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টসহ নানা সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে, যা স্থানীয় তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT