মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজন, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, অসহায় ও প্রতিবন্ধী যুবক-যুবতীদের মাঝে ছাগল ও গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।
এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ক্যাম্পাসের সামনে এবং করতোয়া নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সময়ে করতোয়া নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
দুপুরে প্রতিমন্ত্রীর নিজস্ব সেবামূলক প্রতিষ্ঠান ‘সিএসএফ গ্লোবাল’ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী যুবক-যুবতীদের মাঝে দুইটি করে ছাগল এবং গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, এমদাদুল হক নওশাদ, আলহাজ্ব আইয়ুব আলীসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত এমপি বলেন, “আজ আমরা গর্বিত যে, আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির মাধ্যমেই দেশে বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি তাঁর বক্তব্যে দেশের তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ।
দিনব্যাপী কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT