নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আবাসিক এলাকাটির সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করে বসবাসের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কোয়ার্টারের বিভিন্ন অংশ, চলাচলের পথ এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় পরিচ্ছন্নতার ঘাটতি ও রক্ষণাবেক্ষণের দুর্বলতা নজরে এলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান। পাশাপাশি আবাসিক এলাকার পরিবেশ উন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী আগামী দুই সপ্তাহের মধ্যে কোয়ার্টারের পরিচ্ছন্নতা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন। নির্ধারিত সময়ের মধ্যে পুরো এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
এদিকে, পরিদর্শনকালে কোয়ার্টারের বাসিন্দারা এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা আবাসিক এলাকার পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং বিদ্যমান সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বাসিন্দাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT