মোঃ শাহজাহান বাশার
গাজীপুর জেলা ও মহানগরের সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) গাজীপুর কেন্দ্রীয় খানকাহ শরীফে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (সা.) শাহসূফী সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী।
প্রধান অতিথির বক্তব্যে সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল মাইজভাণ্ডারী বলেন, মাজারে হামলা ও ভাঙচুরের মাধ্যমে ইসলাম ও সুফি ভাবধারার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, ২০২৪ সালের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মাজার, খানকাহ, মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট এবং ধর্মীয় গ্রন্থে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্নির্মাণ ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘ঈমানী ও সামাজিক ঐতিহ্য রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় গাজীপুরসহ সারাদেশের দরবার শরীফ ও পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের অস্তিত্ব রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ইসলামি মূল্যবোধ রক্ষা, সুফিবাদী ভাবধারার প্রসার এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ও পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় গাউসুল আজম মাইজভাণ্ডারীর প্রেম, মানবতা ও সম্প্রীতির শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, সুফি সাধক, আলেম-ওলামা এবং আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামের মধ্যে ছিলেন শাহসূফী সায়্যিদ আলম নুরী সুরেশ্বরী, শাহ সূফী সৈয়দ রওশন আলী রেজবী, শাহ সূফী আকবর বরকত হায়দারী, মাওলানা আবদুল আউয়াল আল-কাদরী, মাওলানা হোসাইন আফজাল রিয়াদ, মাওলানা আব্দুল হাকিম জেহাদী, মুফতী রফিকুল আযম আশরাফী, আলহাজ্ব আব্দুল করিম আল-কাদরী, মুফতি সিদ্দিকুর রহমান আল-কাদরী, শাহ সূফী মেহেদী হাসান নূরী, শাহ সূফী মান্নান আল-কাদরী, মুফতি ফজলুল হক গাজীপুরী, শাহ সূফী মাঈনুদ্দিন চিশতি নিজামী, শাহ আশরাফ চিশতি, শাহ মো. নাছির উদ্দিন, শাহ মো. হিসেল সরকার, শাহ মো. বাদল মিয়া আল-মাইজভাণ্ডারী, মোহাম্মদ আলাউদ্দিন, মোশারফ সিরাজী ও বুরহান মোহাম্মদ রানা।
সভায় অংশ নেওয়া পীর-মাশায়েখরা ইসলাম ও সুফিসাধনার প্রসার, ধর্মীয় সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজের প্রেসিডেন্ট শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT