*সাইফুল ইসলাম*গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের অন্যতম সহযোগী রঞ্জন মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায়ের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।
গোপালগঞ্জে মানব পাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেপ্তার
র্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে রঞ্জন মন্ডলকে আটক করা হয়। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে এই অভিযানের বিষয়ে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রঞ্জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ইতিমধ্যে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা বিশু মন্ডলের প্রধান সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এজাহারের তথ্য অনুযায়ী, চক্রটি ইতালি পাঠানোর কথা বলে সবুজ মুন্সী নামের এক যুবকের কাছ থেকে প্রথমে পাসপোর্ট ও ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে ইতালি না পাঠিয়ে তাকে লিবিয়ায় পাচার করে আটকে রাখা হয় এবং শারীরিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে আরও ৪৬ লাখ ৩০ হাজার টাকা আদায় করা হয়।
এই অমানবিক ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর ভাই বাহারুল ইসলাম সজিব বাদী হয়ে মুকসুদপুর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই রঞ্জন মন্ডল পলাতক ছিল।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT