
মোঃ শাহজাহান বাশার
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে রাজধানীর আগারগাঁও, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকায় স্বল্পচাপের সমস্যাও দেখা দিতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পাইপলাইনের জরুরি মেরামত কাজ চলবে। এ কারণে আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ এবং মিরপুর-১০-এর পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকাও এ কর্মসূচির আওতায় রয়েছে। কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাগুলোতেও নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
জরুরি মেরামত কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT