মোঃ শাহজাহান বাশার
ঢাকা, ২ অক্টোবর ২০২৬: আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে এনে শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। তারা স্কুলে যাবে, পড়াশোনা করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। অস্ত্র বা চাপাতি হাতে কিশোরদের রাস্তায় ঘোরাফেরা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ‘আজকের কিশোর-তরুণরাই আগামী দিনের কাণ্ডারি।’ তাই কিশোরদের ভবিষ্যৎ রক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
নূরুল ইসলাম মনি বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের মদদ রয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান—সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও সতর্ক করেন চিফ হুইপ। ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য, সহিংসতা উসকে দেওয়া বা অশালীন কর্মকাণ্ড ছড়ানোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সভাপতিত্ব করেন। ছায়া সংসদে সরকারি দল হিসেবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT