ঢাকাWednesday , 14 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বক্তব্য না নিয়েই পদত্যাগের সংবাদ প্রকাশ, গণমাধ্যমের বিরুদ্ধে চুয়েট উপাচার্যের প্রতিবাদ

Shahjahan Bashar
October 14, 2026 6:54 am
Link Copied!

১৯

চুয়েট প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন এবং ভবিষ্যতে আর কখনো ক্যাম্পাসে ফিরবেন না—এমন শর্তে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে নেওয়া হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এসব সংবাদে প্রকাশিত তথ্য অসত্য ও ভিত্তিহীন। এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য বা বিবৃতি নেওয়া হয়নি।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবাদলিপিতে উপাচার্য জানান, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নিজ কার্যালয় থেকে তাঁকে ক্যাম্পাসের বাইরে নেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে তাঁর পদত্যাগ এবং ভবিষ্যতে ক্যাম্পাসে না ফেরার শর্তে বেরিয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়, যা তাঁর ভাষ্য অনুযায়ী সঠিক নয়।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, অসুস্থতার কারণেই তাঁকে ক্যাম্পাস থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। গত সোমবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় অবরুদ্ধ থাকায় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। একই সময়ে সেখানে অবস্থানরত আরও কয়েকজনের স্বাস্থ্যের অবনতি ঘটে। প্রায় ১১ জন অসুস্থ হয়ে পড়েন। এর আগে সোমবার রাতে দুই অ্যালামনাই সদস্য অসুস্থ হয়ে পড়লে তাঁদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শে তাঁকেও হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

উপাচার্য আরও জানান, তাঁকে ক্যাম্পাস থেকে নেওয়ার সময় তিনি কথা বলার মতো শারীরিক অবস্থায় ছিলেন না। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সুস্থ হয়ে আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করবেন বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করেন তিনি।

প্রতিবাদলিপিতে অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করতেই তিনি চট্টগ্রামে এসেছেন। কোনো ব্যক্তিগত স্বার্থ, বিশেষ এজেন্ডা কিংবা দলীয় উদ্দেশ্য নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেননি। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম সচল রাখাকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর প্ররোচনা বা ব্যবহারের কারণে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবন ও একাডেমিক কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়। দ্রুত শ্রেণিকক্ষে ফিরে এসে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে নিজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আত্মিক সম্পর্কের কথাও তুলে ধরেন।

সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে চুয়েট উপাচার্য বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি অনুসরণ করা জরুরি। তাঁর বক্তব্য ছাড়া পদত্যাগ এবং ভবিষ্যতে ক্যাম্পাসে না ফেরার শর্তে বিশ্ববিদ্যালয় ত্যাগের সংবাদ প্রকাশের বিষয়ে তিনি তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি প্রকাশিত সংবাদে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা সংশোধন করে প্রকৃত ঘটনা পাঠকদের সামনে তুলে ধরার অনুরোধ জানান।

প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন—

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম
উপাচার্য-চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।