জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মেসার্স হাজী বিকাশ ইটভাটা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো. শরিফুল ইসলাম (৩২) ও জাহিদুল ইসলাম (২১)। তাঁদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামালপুর ও বলিয়াডাঙ্গা এলাকায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স হাজী বিকাশ ইটভাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অবৈধভাবে কাটার অপরাধে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযানে নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। তিনি জানান, কৃষিজমির উর্বর মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT