
হটলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান; এর আগে একই অভিযোগে গ্রেপ্তার হন আরও তিন বাংলাদেশি
মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে অনুমোদনহীনভাবে উচ্চমূল্যে বৈদেশিক মুদ্রা কেনাবেচার অভিযোগে দুই বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের একজন ভারতের এবং অন্যজন বাংলাদেশের নাগরিক।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মালদ্বীপ পুলিশ জানায়, অননুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য চালু করা হটলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভারতীয় নাগরিক প্রদীপ চোলাকোতিল শঙ্করনারায়ন এবং বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রাসেল মিয়া। অনুমতি ছাড়া বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিযোগে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, মালদ্বীপ মনিটারি অথরিটির (এমএমএ) অনুমোদন ছাড়া লাইসেন্সবিহীন বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও এ ধরনের বাণিজ্যিক লেনদেন আইনবিরোধী। এ ধরনের কার্যক্রম সম্পর্কে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে তথ্য ৯৩৮৮৭৩৩ নম্বরে এসএমএস, ভাইবার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাস্ক ফোর্সকে জানানো যাবে।
পুলিশ আরও জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে একই হটলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে অননুমোদিতভাবে উচ্চমূল্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিযোগে আরও তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল।
প্রতিবেদন: মোহাম্মদ মাহামুদুল
মালদ্বীপ, রেমিট্যান্স যোদ্ধা, সাংবাদিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT