নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনায় গাজীপুরের কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর গাজীপুরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ শ্রমিক বিক্ষোভ শুরু হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শনিবার দুপুরের পর থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রথমে ইন্টারস্টপ কারখানার সামনে শ্রমিকরা জড়ো হয়ে দাবির পক্ষে আন্দোলন শুরু করেন। পরে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও তাঁদের সঙ্গে যোগ দেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
অন্যদিকে, সাভারের আশুলিয়া এলাকাতেও ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
আশুলিয়ায় বিক্ষোভ চলাকালে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাথর নিক্ষেপে শিল্প পুলিশের এক সদস্য আহত হন বলে জানা গেছে।

