মোহাম্মদ হোসাইন:
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ও দেশীয় তৈরি পাঁচটি বড় রামদা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানখেতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভী বাজার এলাকার ছলিম উদ্দীনের ছেলে মো. আদিল (২৬)।
এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র হ্নীলা সীমান্ত দিয়ে ইয়াবার বড় চালান দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে অবস্থান নেয়।
পরে সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন ৯ থেকে ১০ জনের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান বলে অভিযানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযানে ঘটনাস্থল থেকে ১১ লাখ পিস ইয়াবা ও দেশীয় তৈরি পাঁচটি বড় রামদা উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো মাদক পাচারসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য রাখা হয়েছিল বলে ধারণা করছে অভিযানসংশ্লিষ্টরা।
কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় উদ্ধার করা মাদক ও অস্ত্র জব্দের পাশাপাশি আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাঁদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

