জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
অপহরণের নয় দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বিবিএর শিক্ষার্থী রিদোয়ান আনসারী (২৫)। প্রিয় সন্তানকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে উদ্বিগ্ন পরিবারটির পাশে দাঁড়িয়েছেন স্বজন, সহপাঠী ও এলাকাবাসী। দ্রুত উদ্ধারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেছেন তাঁরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রিদোয়ানের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে রিদোয়ানের মায়ের কান্না ও স্বজনদের আহাজারিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বক্তারা বলেন, অপহরণের নয় দিন অতিবাহিত হলেও রিদোয়ানের কোনো সন্ধান না পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে রিদোয়ানকে উদ্ধার করা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে ক্ষোভ, দ্রুত উদ্ধারের দাবি
মানববন্ধনে বক্তব্য দেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, ব্যুরো অব সোশ্যাল ওয়েলফেয়ারের সভাপতি নুর ইসলাম সত্তার, এনপিআই ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য প্রকৌশলী ড. মো. ফারুক হোসেন, রিদোয়ানের চাচা আব্দুল হান্নান আনসারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, রিদোয়ানকে উদ্ধারে প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করে দ্রুত তাঁকে উদ্ধার করতে হবে। এ ঘটনায় সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপও কামনা করেন তাঁরা।
যেভাবে নিখোঁজ হন রিদোয়ান
পরিবার সূত্রে জানা গেছে, রিদোয়ান আনসারী মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের মৃত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করতেন। বিবিএ পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।
গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন রিদোয়ান। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনেরা বিভিন্ন হাসপাতাল ও সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।
মুক্তিপণ দিয়েও মেলেনি সন্ধান
পরিবারের অভিযোগ, ২৫ অক্টোবর ভোর ৫টা ৩৯ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে রিদোয়ানের বড় ভাইয়ের ফোনে কল আসে। এ সময় রিদোয়ানকে অপহরণ করে আটকে রাখার কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। প্রমাণ হিসেবে কয়েক সেকেন্ডের জন্য রিদোয়ানের সঙ্গে পরিবারের সদস্যদের কথা বলানো হয়।
রিদোয়ানকে জীবিত ফেরত পাওয়ার আশায় স্বজনেরা বিকাশ ও নগদের মাধ্যমে কয়েক দফায় মোট ৪০ হাজার টাকা পাঠান। তবে টাকা পাওয়ার পরও অপহরণকারীরা তাঁকে মুক্তি দেয়নি। বরং পরবর্তী সময়ে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে পরিবার।
এ ঘটনায় রিদোয়ানের খালাতো ভাই ফয়সল মাহমুদ ২৫ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি র্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অপহরণের নয় দিন পার হলেও রিদোয়ানের কোনো খোঁজ না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। সন্তানকে ফিরে পেতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্বজনেরা। একই সঙ্গে রিদোয়ানকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT