মোঃ শাহজাহান বাশার
ঢাকা, ২৮ নভেম্বর: সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ। শনিবার সকালে তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। এ সময় হাসপাতালের পরিচালক ডিআইজি মোহাম্মদ মুসলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কথা বলেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। দায়িত্ব পালনে আহত সদস্যদের ভূমিকার প্রশংসা করে তাঁদের বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ পদকসহ অন্যান্য পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন মন্ত্রী।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিলেও কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন হবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের সময় বাহিনীর সদস্যরা জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে জীবন দেওয়ার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও তাঁরা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি—যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন—দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিবুল, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেল্লাল, মো. আবু আলম ও মো. রাকিবুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT