চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা:
দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙামাটির নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল)-এর উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) নানিয়ারচর জোন সদর এলাকার নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় দরিদ্র ও অসহায় রোগীদের জন্য এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০২৬ থেকে নানিয়ারচর এলাকায় বিশেষ অপারেশন পরিচালনাকালে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সীমাবদ্ধতার বিষয়টি নজরে আসে। এ পরিস্থিতি বিবেচনায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি-এর নির্দেশনায় স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ মেডিক্যাল ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে নানিয়ারচর, ইসলামপুর, খামারপাড়া, নোয়াদম, সাপমারা ও আশপাশের এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে দুর্গম পাহাড়ি এলাকার স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়।
নানিয়ারচর জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মাকসুদুল হাসান মোট ১১৯ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ছিলেন ৩৪ জন পুরুষ, ৭৪ জন নারী ও ১১ জন শিশু। এ সময় রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এ বিষয়ে জোন কমান্ডার বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের মানবিক সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ হবে এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জোন কমান্ডারের সার্বিক নির্দেশনা এবং নানিয়ারচর জোনের জোন উপ-অধিনায়কের তত্ত্বাবধানে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT