মোঃ শাহজাহান বাশার
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক চারটি বিশেষ অভিযানে তদন্তে প্রাপ্ত এক পলাতক আসামি, মাদকসহ দুই ব্যক্তি এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে ১ কেজি গাঁজা ও ৬ বোতল হুইস্কি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. মনির হোসেন ভূঁইয়া (৪৫) কে গ্রেফতার করেন। তিনি দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য।
অপরদিকে, ২৬ নভেম্বর দুপুরে এসআই মো. আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল (২১) নামে এক যুবককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬ বোতল MCDOWELLS No.1 LUXURY BLENDED WHISKY উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
একই দিন বিকেল ৫টা ৫ মিনিটে এসআই মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে পুলিশের আরেকটি দল শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘীরপাড় এলাকায় আইফল রমিজ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ২৭ নভেম্বর এএসআই মো. নুর আল আহসানের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেফতার চার আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের এ ধরনের অভিযান অপরাধ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT