গাজী জাহাঙ্গীর আলম জাবির, ঢাকা থেকে।।
দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিরসনে সাত দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এসব দাবির মধ্যে রয়েছে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজন, গণপিটুনি ও দখলদারিত্ব বন্ধ এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন চুক্তি পুনর্মূল্যায়ন।
বুধবার ২৫ নভেম্বর ২০২৬,সকাল ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম. আবদুস সামাদ।
সংবাদ সম্মেলনে দলটি জানায়, রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার পরিবর্তে দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে মব সন্ত্রাস, গণপিটুনি, দখলবাজি এবং বিচারবহির্ভূত সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৫ আগস্টের পর সংঘটিত অপরাধগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করারও দাবি জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তির সব শর্ত জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছে দলটি নেতৃবৃন্দ । পাশাপাশি স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে চুক্তিটির অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা এবং দেশের স্বার্থের পরিপন্থী কোনো শর্ত থাকলে তা সংশোধনের দাবি জানানো হয়। প্রয়োজনে চুক্তি বাতিলের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।
এ ছাড়া ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা সংক্রান্ত চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইসলামী ফ্রন্ট।
পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দলটি। সেখানে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, অবৈধ অস্ত্রের ব্যবহার, অপহরণ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। প্রয়োজনে পার্বত্য এলাকায় স্থায়ী সেনাক্যাম্প স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
আবদুস সামাদ বলেন, রাজনৈতিক অসহিষ্ণুতা, প্রতিহিংসা, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। গণঅভ্যুত্থানের প্রকৃত সাফল্য শুধু ক্ষমতার পরিবর্তনে সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এবং মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্যেই রয়েছে সার্থকতা।
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব কোনো একটি রাজনৈতিক দলের নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সব রাজনৈতিক শক্তির সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন,যুগ্ন মহাসচিব গোলাম মাহমুদ ভূইয়া মানিক, দপ্তর সচিব আবদুল হাকিম,প্রচার সচিব মাষ্টার আবুল হোসেন, আইন সচিব এডভোকেট ইকবাল হোসেন, ইসলামী যুবসেনার সভাপতি ডা:এস এম সরওয়ার,ইসলামী ছাত্র সেনার সভাপতি আজাদ হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT