মোঃ সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
বিদ্যুৎ সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জাতীয় বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সরকারি ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় ইতোমধ্যে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা পরিষদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল স্থাপনের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সোলার প্যানেল স্থাপন ও বাস্তবায়নবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
সভায় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন জানান, উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিস ভবন ও প্রাথমিক বিদ্যালয়ের ছাদ পরিমাপ করে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্য সক্ষমতা অনুযায়ী কিলোওয়াট নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের গতকাল ও আজ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে প্রাথমিক বিদ্যালয়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
তিনি আরও জানান, সোলার প্যানেল স্থাপনের জন্য মূলত দুটি মডেল রয়েছে, ওপেক্স (OPEX) ও ক্যাপেক্স (CAPEX)। এর মধ্যে ক্যাপেক্স মডেলে উপজেলা পরিষদ ও শাহজাদপুর পৌরসভা দরপত্র আহ্বান করেছে। অন্যদিকে ওপেক্স মডেলে উপজেলার ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় এবং ৫ টি ইউনিয়ন ভূমি অফিস দরপত্র আহ্বান করেছে।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রবীন্দ্র কাছারিবাড়ি ইতোমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সঙ্গে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এ ব্যবস্থাকে ইউটিলিটি ওপেক্স মডেল হিসেবে অভিহিত করা হয়।
জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে সোলার প্যানেল স্থাপনের জন্য দরপত্র আহ্বানের কার্যক্রম সম্পন্ন করেছে। পর্যায়ক্রমে এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুতের ওপর প্রচলিত নির্ভরতা কমবে, বিদ্যুৎ সাশ্রয় হবে এবং দেশের বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেনসহ পল্লী বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্টদের মতে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে শাহজাদপুরে এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT