ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহ আমানতের মাজারে ককটেল উদ্ধার গভীর উদ্বেগজনক ও নিন্দনীয়: সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

Shahjahan Bashar
November 27, 2026 9:48 am
Link Copied!

৫৩

মোঃ শাহজাহান বাশার

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬: চট্টগ্রামের ঐতিহাসিক হযরত শাহ সুফি শাহ আমানত খান (রহ.)-এর মাজারে ককটেল উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও ওয়ার্ল্ড সুফি ফোরামের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।

শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হযরত শাহ আমানত খান (রহ.)-এর মাজার শুধু একটি ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও অসাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বপূর্ণ নিদর্শন। এমন একটি পবিত্র স্থানে ককটেল উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, ন্যক্কারজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, মাজার, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিস্ফোরক রাখার পেছনে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী, তা দ্রুত তদন্তের মাধ্যমে খুঁজে বের করা জরুরি। এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। অতীতেও দেশের বিভিন্ন দরবার শরীফ, মাজার ও খানকাহে হামলা, ভাঙচুর এবং উগ্রবাদী অপতৎপরতার ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের ধর্মীয় স্বাধীনতা, আধ্যাত্মিক ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামগ্রিক শান্তি-শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি।

বিবৃতিতে তিনি আরও বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের উদ্দেশ্য ও পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করতে হবে। ধর্মীয় পরিচয়ের আড়ালে কোনো উগ্রবাদী বা দুর্বৃত্তচক্রকে সহিংসতা, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ সব ধর্ম, মত ও পথের মানুষের সহাবস্থানের দেশ। এ দেশের হাজার বছরের আধ্যাত্মিক ঐতিহ্য ও সম্প্রীতির সংস্কৃতি ধ্বংসের যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। ধর্মীয় পবিত্র স্থানে হামলা কিংবা নাশকতার মাধ্যমে রাষ্ট্র ও সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

বিবৃতিতে তিনি অবিলম্বে হযরত শাহ আমানত (রহ.)-এর মাজারসহ দেশের গুরুত্বপূর্ণ দরবার শরীফ, মাজার, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে এ ধরনের স্পর্শকাতর ঘটনায় গুজব ও উসকানি এড়িয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ধর্মীয় পবিত্রতা, আধ্যাত্মিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর যেকোনো আঘাতের বিরুদ্ধে তাঁর অবস্থান আপসহীন। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।