ঢাকাTuesday , 10 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব

Md. Shahriya Sikder
November 10, 2026 12:53 pm
Link Copied!

৯৮

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর একজন শিক্ষার্থীও পাস করেনি- এমন ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যাও দিতে বলা হয়েছে।

তলব করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- চাঁদপুর শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরের বগৈড় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণের আড়ং বাজার ডক্টর অ্যান্ড শামসুল হক মডেল কলেজ, ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিরগাঁও উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের হাজিমিয়ার হাট উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ফেনী সদরের বিকন মডেল কলেজ।
গত ৫ নভেম্বর কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়ার সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১০ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে হবে। এ সময় প্রতিষ্ঠানগুলোর গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

কোনো শিক্ষার্থী পাস না করার কারণ, প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার পরিবেশ এবং প্রশাসনিক কার্যক্রম খতিয়ে দেখতে এ উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে অধ্যক্ষদের শূন্য পাসের কারণ ব্যাখ্যা করে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শফিকুল ইসলাম বলেন, এর আগেও যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এবারও শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।

ড. শফিকুল ইসলাম বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার অধ্যক্ষদের বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

১০/১১/২৬, কুমিল্লা।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।