মোঃ শাহজাহান বাশার
বিশ্ববরেণ্য নেতা নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন, সংগ্রাম, মানবতা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাজধানীতে ‘নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর মগবাজারের জালপাই চাইনিজ রেস্টুরেন্টে একতা সাংস্কৃতিক সংগঠন ও সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজীবী মোঃ হারিবুল হক। তিনি নেলসন ম্যান্ডেলার সংগ্রামী জীবন, মানবিক মূল্যবোধ, বৈষম্যবিরোধী আদর্শ ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান। উদ্বোধক ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাব্বির আহমেদ রনি।
সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাহ কামাল (শ্যামল) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, ব্যবসায়ী ও সমাজসেবক শিহাব রিফাত আলম।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শকে কেন্দ্র করে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়।
আয়োজকদের মতে, নেলসন ম্যান্ডেলার আদর্শ ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে ন্যায়বিচার, সমতা ও মানবতার চেতনায় উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানটি আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন রাজিবুল হক রনি।

