জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
রোববার (১ নভেম্বর) সকালে ঘিওর উপজেলার জোকা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জাতীয় যুব দিবস উপলক্ষে দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানে উৎসাহ প্রদান এবং নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা, র্যালি, স্বেচ্ছায় রক্তদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। পাশাপাশি যুবঋণ বিতরণ, সফল তরুণ উদ্যোক্তাদের সম্মাননা এবং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণের কর্মসূচিও রয়েছে।
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে প্রতিবছর জাতীয় যুব দিবস পালন করা হয়।

