মোঃ শাহজাহান বাশার
ঢাকা, ২৩ জুলাই ২০২৬: বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ভাইস এডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আন্তরিক অভিনন্দন জানান এবং দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও নৌবাহিনীর আধুনিকায়নে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।
এ সময় ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে এ লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ কামনা করেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) অপরাহ্ন থেকে ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
নতুন নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের নৌ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, সমুদ্র নিরাপত্তা জোরদার এবং ব্লু ইকোনমি সংশ্লিষ্ট জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।