নিজস্ব প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল

সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সেনানিবাস থেকে মিলিটারি পুলিশের কড়া নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করবে প্রসিকিউশন।

এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

চিফ প্রসিকিউটর আদালতকে জানান, ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, মোজাফফর হোসেন ও মাসুদ উদ্দিন চৌধুরীর ফোন রেকর্ডসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, মামলার পরবর্তী কার্যক্রম ও প্রসিকিউশনের আবেদনের ওপর ট্রাইব্যুনালের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।