কাজী আজিম সুমন


কুমিল্লার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারী ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনায় অগ্রগতি পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি জগৎপুর গ্রামে নৃশংসভাবে নিহত হন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ফাহিমা। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্ত চলাকালে মঙ্গলবার ১৩ জানুয়ারী রাতে কসবা থানার পুটিয়া সীমান্ত এলাকায় স্থানীয় জনতা তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে।

পরে এলাকাবাসী আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, অন্তঃসত্ত্বা নারী ফাহিমা হত্যাকাণ্ডটি এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।