মোঃ মশিউর রহমান
বিভাগীয় ব্যুরো প্রধান,চট্টগ্রাম রেঞ্জ, কুমিল্লা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকের ধাক্কায় এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ( ১৩ জানুয়ারি ) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের কুমিল্লা-মিরপুর সড়কের সবুজপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত কৃষকের নাম তাজুল ইসলাম ( ৪৭ )। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস এলাকার মৃত আবদুল গাফফারের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলাম অটোরিকশা যোগে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া যান। সেখানে গিয়ে অটোরিকশা থেকে নেমে কুমিল্লা-মিরপুর সড়কের পাশে দাঁড়ানোর সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।