হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | ​নান্দাইল, ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট নিরসনে বড় স্বস্তি মিলেছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) থেকে উপজেলার লোডশেডিং সম্পূর্ণ সহনীয় মাত্রায় নামিয়ে আনা হয়েছে। মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় এবং বিশেষ সহায়তায় নান্দাইলের জন্য অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করা হয়েছে।

​এর ফলে এখন থেকে নান্দাইলে ২৪ ঘণ্টার মধ্যে ৩ ঘণ্টার বেশি লোডশেডিং থাকবে না।

​স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইলবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিদ্যুৎ খাতের উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ও ফলপ্রসূ আলোচনা করেন। তাঁরই সরাসরি হস্তক্ষেপে আজ থেকে এই সংকট নিরসনের ব্যবস্থা সম্পন্ন হয়।

​এ বিষয়ে নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জানান, একমাত্র জরুরি মেরামত কাজ কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো অনিবার্য কারণ ছাড়া এখন থেকে নান্দাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হবে।

​এদিকে, এলাকাবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় এবং বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করায় নান্দাইল উপজেলা বিদ্যুৎ গ্রাহক অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।