মোঃ কারিমুল ইসলাম মোংলা প্রতিনিধি:

‘বিশ্ব বাঘ দিবস’ উপলক্ষে বাগেরহাটের মোংলার জয়মনিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। সুন্দরবনের প্রাণ ও প্রকৃতির প্রতীক বাঘ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বুধবার (২৯ শে জুলাই) সকাল দশটায় বাগেরহাটের মংলার চাঁদপাই রেঞ্জ অডিটরামে আয়োজিত বিশ্ব বাঘ দিবস ২০২৬,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং ভারসাম্য বজায় রাখতে বাঘের ভূমিকা অপরিসীম। বাঘ না থাকলে সুন্দরবন টিকে থাকবে না। তাই চোরাশিকারি রোধ এবং বাঘের আবাসস্থল নিরাপদ করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর এবং চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বিপন চন্দ্র দাস। তিনি সুন্দরবনের বাঘ সুরক্ষায় বন বিভাগের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং বাঘ রক্ষায় স্থানীয় জনপদের মানুষকে তথ্য দিয়ে বন বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নওশীনা আরিফ, সিএমসি সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, আইইউসিএন প্রোগ্রাম অফিসার আবদুল্লাহ আল মামুন সহ বন বিভাগের কর্মকর্তা, বন্যপ্রাণী সুরক্ষায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সিপিজি (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) ও ওয়ার্ল্ড টীমের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বাঘের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের ওপর মানুষের নির্ভরশীলতা কমানোর পাশাপাশি কঠোর আইন প্রয়োগের দাবি জানান। এর আগে দিবসটি উপলক্ষে চিএ অঙ্কন প্রতিযোগিতা করা হয় ও একটি বর্ণাঢ্য র‍্যালি জয়মনির প্রধান সড়ক প্রদক্ষিণ করে।