মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি
ভ্রমণপিপাসুদের জনপ্রিয় সংগঠন ট্রিপ লাভার্স কুমিল্লা (TLC) পরিবারের উদ্যোগে কুমিল্লার গোমতী নদীর পাড়ে এক নজরকাড়া ইফতার মাহফিল ও ঈদ সালামী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে নদীর তীরের স্নিগ্ধ ও মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের এডমিন, কো-এডমিন এবং সদস্যদের এক মিলনমেলা বসে।
ঐতিহ্যবাহী ইফতার মাহফিলের ধরাবাঁধা নিয়ম ভেঙে খোলা আকাশের নিচে প্রকৃতির সান্নিধ্যে ইফতারের আয়োজন করে ট্রিপ লাভার্স কুমিল্লা। ইফতারের আগমুহূর্তে সদস্যরা একে অপরের সাথে ভ্রমণ অভিজ্ঞতা ও জীবনের গল্পে মেতে ওঠেন, যা এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়। অনুষ্ঠানটি কেবল ইফতার মাহফিলেই সীমাবদ্ধ ছিল না, এটি রূপ নিয়েছিল এক অকৃত্রিম পারিবারিক সম্মেলনে।
অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল উপস্থিত সকল সদস্যদের জন্য ইদ সালামী। ইফতার শেষে গ্রুপের পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন স্বরূপ প্রতিজন সদস্যকে ১০০০ টাকা করে নগদ ঈদ সালামী প্রদান করা হয়। উৎসবের প্রাক্কালে এমন অপ্রত্যাশিত ও সম্মানজনক উপহারে সদস্যদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা দেয়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এডমিন প্যানেল: আরোহী আসিফা, নাফিজা জামান, মোস্তফা কামাল, নাঈম ইকবাল, মাসুম খান নীল ও সোহেল হোসেন। কো-এডমিন: আদিল, আব্দুল্লাহ, আফরোজা ও দিদার মজুমদার। বিশেষ অতিথি: দৈনিক জয়যাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি। এছাড়াও উপস্থিত ছিলেন সানজিদা আক্তার, সুমাইয়া তিথি, নূর, রাকিব হোসাইন, রিফাতসহ আরও অনেকে।
ঈদ সালামী পেয়ে উচ্ছ্বসিত সানজিদা আক্তার বলেন,
“এমন সুন্দর পরিবেশে ইফতার আর কিছু টাকার ঈদ সালামী—সব মিলিয়ে এটি একটি চমৎকার অভিজ্ঞতা। এই আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।”
সংগঠনের এডমিন নাঈম ইকবাল বলেন, “আমাদের লক্ষ্য সদস্যদের মধ্যে পারিবারিক বন্ধন দৃঢ় করা। এই ঈদ সালামী কেবল অর্থ নয়, এটি আমাদের ভালোবাসার একটি অংশ।” অন্যদিকে এডমিন নাফিজা জামান বলেন, “TLC কেবল একটি গ্রুপ নয়, এটি একটি আবেগ। আজকের আয়োজন সেই আস্থারই প্রতিফলন।”
আয়োজকরা জানান, সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও নিয়মিত ভ্রমণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে ট্রিপ লাভার্স কুমিল্লা।